বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

জব্দ করা সেগুন কাঠ
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ১২৪ দশমিক ৩৭ ঘনফুট মালিকবিহীন সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১২৪ দশমিক ৩৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে জব্দ করা হয়।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা চালাচ্ছে।
এসব অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



