ফেনীতে এক রাতে তিন প্রতিষ্ঠানে আগুন, ককটেল বিস্ফোরণ

শনিবার গভীর রাতে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের ওমরপুরে দারুল উলুম মাদ্রাসা ভবনে আগুন দেয় দূর্বৃত্তরা।
ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, প্রাইভেটকার, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এসব ঘটনার শুরু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় রেলপথে আগুন দেওয়া হয়। রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে পেট্রল ঢেলে আগুন ও কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকাটে দেয় দুর্বৃত্তরা। একই রাতে ফেনীর প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষেও অগ্নিসংযোগ করা হয়। গভীর রাতে দাগনভূঞার একটি মাদ্রাসায় আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, সামাজিক মাধ্যমে রেলপথে আগুনের একটি ভিডিও নজরে এসেছে। পরবর্তী এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কোনো সমস্যা হয়নি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, রেললাইনে আগুন দেওয়ার বিষয়টি অবগত নই। আমি রাত ৩টা পর্যন্ত সহদেবপুর এলাকায় দায়িত্ব পালন করেছি।
অন্যদিকে, রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছু সময় পর কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
মতিগঞ্জ ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আমান উল্লাহ বলেন, এটি মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়। কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল, রাস্তা থেকেই সেখানে আগুন দেওয়া হয়েছে। ভেতরে আমাদের কেউ ছিল না। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। এতে একটি বালতি পুড়ে গেছে, এ ছাড়া কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আগুনের কোন কিছু দেখতে পাইনি। ফটকে যে আগুন দেওয়া হয়েছিল সেটি আগেই নিভে গেছে।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল উদ্দিন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যানারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ ছাড়া এদিন রাতে ফেনী শহরের মিজান রোডে জেলার প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিসংযোগ করা হয়। এতে চেয়ার-টেবিলসহ পুরনো কিছু সরঞ্জাম পুড়ে যায়।
ফেনী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. কামাল হোসেন বলেন, শনিবার রাতে পোস্ট অফিসের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এতে পুরনো কিছু জিনিসপত্র পুড়ে গেলেও চলমান কার্যক্রমের কোনো নথি বা কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনার পর পুলিশকে জানানো হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ডাকঘরের পেছনের দিকে পরিত্যক্ত একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ করেননি। তবে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন। এ ছাড়া জেলা নির্বাচন অফিসে আগুনের ঘটনাটি তিন-চার দিন আগের হতে পারে। সেই ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি।
এ ব্যাপারে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে ভিডিও ধারণ করে চলে যাচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করতেও বলা হয়েছে।



