উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন হবিগঞ্জের চা শ্রমিকরা

ভোট দিচ্ছেন চা শ্রমিকেরা। ছবি: আগামীর সময়
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আজ শনিবার সকাল ৮টা থেকে হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। তাদের মধ্যে নারী ১১ হাজার ৬৮ জন এবং পুরুষ ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৮৫টি বুথ।
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে ভোট হচ্ছে। এতে মোট ১ লাখ ৪৮ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচনে আগ্রহী তারা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব তাদের দীর্ঘদিনের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। এসব দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানিয়েছেন, চুনারুঘাটসহ হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে নির্বাচন হচ্ছে। এসব বাগানের অধিকাংশ সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা। তবে নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা শ্রমিকেরা।




