লালমনিরহাটে বৃদ্ধকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

লালমনিরহাট সদর উপজেলায় আব্দুল মোল্লা নামে এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মোল্লা (৬২) বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান আব্দুল মোল্লার ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে কর্মস্থলে সমস্যার কারণে হাসানুর রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গতকাল জুমার নামাজ শেষে স্থানীয় জামে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি আব্দুল মোল্লাকে ঘিরে ফেলেন। পরে তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এ সময় বাঁশের লাঠি দিয়ে পেটানো, কিল-ঘুসি ও লাথি মারার পাশাপাশি তার মুখে থুতু নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
নির্যাতনের সময় আব্দুল মোল্লা বারবার ক্ষমা চাইলেও অভিযুক্তরা থামেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাতিজা মিঠু মিয়াকেও মারধর করা হয়।
স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আব্দুল মোল্লাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব উল্লেখ করেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও পুলিশের কাছে রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





