গাইবান্ধা
কবিতা, গান আর নাটকে বাল্যবিয়ের বিরুদ্ধে কিশোরীদের বার্তা

ছবি: আগামীর সময়
নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও কিশোরীদের বাল্যবিয়ে বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী।
গতকাল সোমবার ‘হোপ’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কিশোরীদের কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও নাটক মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে গাইবান্ধার নাট্যব্যক্তিত্ব আলাল আহমেদের রচনা ও নির্দেশনায় বাল্যবিবাহবিরোধী নাটিকা ‘গোলাপী’ মঞ্চস্থ হয়। নাটকের গল্পে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্তের শিকার হয় স্কুলছাত্রী গোলাপী। এ পরিস্থিতিতে ঘটকের পরামর্শে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নেন তার বাবা। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করেন।
আলোচনাসভায় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন গানাসাসের সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, জেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান অঞ্জলী রানী দেবী, প্রকল্পের সমন্বয়কারী মাহমুদ মানিক, টেকনিক্যাল সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি এবং শিক্ষক শাকিলা পারভীন ও নবীউল ইসলামসহ অনেকে।



