শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি
শুধু ভালো ফলাফল ও সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জের গিলন্ড এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আফরোজা খানম বলেন, ‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।’ শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। দক্ষ, মানবিক, দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা মানুষের চিন্তাশক্তি, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আধুনিক বিশ্বে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত মানসিকতাও গড়ে তুলতে হবে।’
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. খাইরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী রহমত আরা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস ও যুগ্ম সম্পাদক রিপন আনসারী এবং জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।
প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো ও আলোচনা পর্বের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।




