পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

মাদারীপুর সদর হাসপাতালে আহতদের নিয়ে পুলিশ
পুলিশের পিকআপ উল্টে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। এতে মামলার আসামিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
পুলিশ জানায়, পুলিশ পিকআপ গাড়িতে আসামি নিয়ে মাদারীপুর সদর থানা থেকে শিবচর থানায় নিয়ে যাচ্ছিল। পখিরা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় পুলিশ কনস্টেবল আবদুস সালাম নিহত হন। আসামি ও পাঁচ পুলিশ সদস্যসহ আহত হন ১০ জন।
ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।





