আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাধা, পাল্টাপাল্টি ধাওয়া

আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে গিয়ে হকারদের প্রবল বাঁধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আগামীর সময়
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের প্রবল বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় পুলিশ ও আনসার সদস্যরা হকারদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ রবিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযানে নামে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেজপা)। অভিযান পরিচালনাকালে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে পড়েন। চন্দ্রাগামী লেন অবরোধ করার চেষ্টা করেন তারা। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তাদেরকে সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়।
ওসি তরিকুল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




