বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার একটি কারখানা থেকে দুর্জয় সাহা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিএমএস মুগ ডাল কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুর্জয় সাহা পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানালেন, গত এক বছর ধরে কারখানাটিতে কাজ করছিলেন দুর্জয় সাহা। গতকাল অন্যদিনের মতোই কাজ করছিলেন তিনি। কাজের মধ্যেই তিনি একটি রুমের দিকে চলে যান। কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে, প্রতিষ্ঠানটির আরেক সহকর্মী সাকিল ওই রুমের জানালা খুলে দেখতে পান দুর্জয় রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।




