পাবনায় রোগীদের ভোগান্তি কমাতে নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চিকিৎসক

নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চিকিৎসক আহমেদ মোস্তফা নোমান। ছবি: আগামীর সময়
পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে পাবনা জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দ ও বড় বড় গর্তে যান চলাচল ব্যাহত হচ্ছিল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছিলেন মুমূর্ষু রোগী ও প্রসূতিরা। এ পরিস্থিতিতে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে নিজ উদ্যোগে মাঠে নেমেছেন তরুণ চিকিৎসক আহমেদ মোস্তফা নোমান।
আজ সোমবার বিকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক কর্মীরা সড়কটির বড় গর্তগুলোতে ইট, খোয়া ও বালু ফেলে সংস্কারের কাজ করেন।
সড়কটির দুই পাশে জেলার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতাল রয়েছে। জেলা ও আশপাশের উপজেলা থেকে আসা মুমূর্ষু রোগী ও প্রসূতিদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার অন্যতম প্রধান পথ এটি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজারিয়ান, স্ট্রোক ও হৃদরোগের রোগীদের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের গর্তে অতিরিক্ত ঝাঁকুনিতে প্রসূতি রোগীদের শারীরিক ক্ষতির পাশাপাশি পথে জটিলতা তৈরির আশঙ্কা থাকে।
অ্যাম্বুলেন্সচালক আরমান বললেন, ‘রোগী নিয়ে মাত্র তিন মিনিটের এই পথ পার হতে ১৫ থেকে ২০ মিনিট লেগে যায়। ভেতরে রোগী যন্ত্রণায় ছটফট করেন, কিন্তু আমাদের কিছুই করার থাকে না। সাময়িক এই সংস্কারে অন্তত কিছুটা স্বস্তি মিলবে।’
অটোরিকশাচালক শফিক মিয়া জানিয়েছেন, ‘এই রাস্তায় গাড়ি নামালেই পার্টস ভেঙে যেত। ডাক্তার সাহেব নিজে এসে খোয়া-বালু ফেলায় অন্তত গাড়ি চালিয়ে নেওয়া যাচ্ছে।’
ডা. আহমেদ মোস্তফা নোমান বলেছেন, ‘একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগীদের এই ভোগান্তি কাছ থেকে দেখছি। বিশেষ করে এক মিনিটের ব্যবধানে যখন একজন মুমূর্ষু বা প্রসূতির জীবন-মরণ নির্ভর করে, তখন রাস্তার গর্তের কারণে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া মেনে নেওয়া যায় না। এটি স্থায়ী সমাধান নয়। তবে সাময়িক সংস্কারে মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।’
তার এই উদ্যোগ প্রশংসা করেছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া এরইমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এর পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে।




