মৌলভীবাজার
ছিনতাই-ডাকাতির অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

বহিষ্কার হওয়া চার নেতা। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শোল মাছ ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া থানায় করা মামলায় কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়।
অন্যদিকে গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও অন্য আসামিদের গ্রেপ্তার করে।




