হিলিতে দাম কমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা

ছবি: আগামীর সময়
দিনাজপুরের হিলিবাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। সরবরাহ বাড়ায় এই নিত্যপণ্যের দাম নিম্নমুখী। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে ধারণা করছেন বিক্রেতারা। পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে আছেন নিম্ন আয়ের মানুষজন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে হিলিবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে। দুদিন আগে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজিদরে।
হিলিবাজারে পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বললেন, ‘আমাদের তো রোজগার কম। দাম বাড়ার ফলে চাহিদামতো পেঁয়াজ কিনতে পারছিলাম না। এখন কিনতে পারছি।’ দাম আরও কমানোর দাবি জানালেন তিনি।
হিলিবাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদের ভাষ্য, ‘সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। ফলে মোকামেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হয়েছিল। মোকাম থেকে ৩৭ টাকা কেজিদরে পেঁয়াজ কিনতে হচ্ছিল। তবে সরবরাহ আগের তুলনায় বাড়ায় মোকাম থেকে ৩৩ টাকা কেজিদরে পেঁয়াজ কিনছি।’
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন আগামীর সময়কে উল্লেখ করেন, ‘কেউ যেন কৃত্রিম সংকট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত বাজার পরিদর্শন করে দাম যাচাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে দাম বাড়তি নেওয়ার অভিযোগ উঠলে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’







