কিশোরগঞ্জ
কড়া নাড়ার শব্দে দরজা খুলে ধর্ষণের শিকার শিশু, প্রতিবেশী গ্রেপ্তার
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মো. আঙুর মিয়া। ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জের নিকলীতে ঘরে ঢুকে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মো. আঙুর মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত ১১টার দিকে উপজেলার দুর্গম দ্বীপ ছাতিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার নিকলী থানায় মামলা করেছেন শিশুটির মা।
স্থানীয়রা জানান, শিশুটি ছাতিরচরের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল।
মামলার নথি অনুযায়ী, রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে শিশুটি তার বাবা এসেছেন মনে করে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আঙুর মিয়াকে আটকে রাখেন। পরে পুলিশে খবর দেন তারা।
নিকলী থানার ওসি মো. ইশতিয়াক আহম্মেদ জানিয়েছেন, ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




