সাতক্ষীরা
ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে নিখোঁজ, চারদিন পর মিলল কৃষকের মরদেহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর মনোরঞ্জন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত মনোরঞ্জন কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পান তারা। পরে খবর দেন পুলিশে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চার দিন আগে ক্ষেতে কীটনাশক দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন। এরপর আর ফেরেননি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, কীভাবে বা কী কারণে মনোরঞ্জনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




