জিল বাংলা সুগার মিলের মাড়াই মৌসুম শুরু আজ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের জিল বাংলা সুগার মিল
জামালপুরের জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হচ্ছে আজ। শুক্রবার বিকালে ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে চলতি ২০২৬-২৭ মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হবে। এ মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের। আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।
মিলের জিএম (কৃষি) আলাউদ্দিন জানিয়েছেন, ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী এ চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে বাদ জুমা মিলের কেন ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি ও আখচাষিরা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানালেন, এবার প্রায় ৮৬ দিন মিলের মাড়াই কার্যক্রম চলবে। এ মৌসুমে নতুন করে ৫ হাজার ৫১০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




