খুলনায় শিক্ষা অফিসের হিসাব রক্ষক গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ মো. মশিউর রহমান
খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে মো. মশিউর রহমান (৫৯) নামে একজন আহত হয়েছেন।
আজ রবিবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মশিউর রহমান নগরীর মিয়াপাড়ার মোজাম্মেল হকের ছেলে।
তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক হিসাবে কর্মরত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, রাত ৮টার দিকে তিনি নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে পিটিআই মোড়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন যুবক কাউকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়।
হাসপাতালে তার সঙ্গে আসা একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি মোটরসাইকেলে তিনজন ছিল। কিছু বুঝে উঠার আগেই তারা কাউকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমানের বুকের বাম পাশে লাগে। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে নগরীর মিয়াপড়া মসজিদের দুর্বৃত্তরা অন্য কাউকে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমানের বুকের বাম পাশে বিদ্ধ হয়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’ তবে গুলিবিদ্ধ মশিউর রহমান আশঙ্কামুক্ত বলে তিনি উল্লেখ করেন।



