কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চারটি স্থানে আলাদাভাবে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার রাতে পূর্ব আগানগর এলাকার গার্মেন্টসপল্লিতে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর আগানগর সিনেমা হলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া জনি টাওয়ার এলাকায় তিনটি এবং কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সব মিলিয়ে চারটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গার্মেন্টসপল্লি এলাকায় বিস্ফোরণের পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা ওই দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



