উজিরপুর
১০ দিনের ব্যবধানে কৃষকদলের পাল্টাপাল্টি দুই কমিটি

সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের ১০ দিনের ব্যবধানে পাল্টাপাল্টি দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পৃথক দুটি কমিটিতে দুইজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। একই সংগঠনের দুই কমিটি ঘোষণায় সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২৪ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৯ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ফায়জুল হক রাড়ীকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মল্লিক। সহ-সভাপতি করা হয়েছে মো. সালাম বেপারী, মো. মোস্তফা মিয়া ও আবুল হোসেন সরদারকে। সহ-সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার।
এর আগে গত ১৪ নভেম্বর বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক এইচ এম মোহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম সফরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যের আরেকটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি ও মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সরদার।
১০ দিনের ব্যবধানে পৃথক দুটি কমিটি ঘোষণায় কোন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম চলবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলা শ্রমিক দলেরও একাধিক কমিটি রয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক কমিটি ঘোষণার ঘটনায় স্থানীয় পর্যায়ে সাংগঠনিক সমন্বয় নিয়ে আলোচনা চলছে।




