দোকানের ঝাঁপে নির্দিষ্ট টোকায় মিলত ইয়াবা, গ্রেপ্তার দম্পতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে। জব্দ করা হয়েছে ইয়াবা। দীর্ঘদিন নজরদারির পর তাদের গ্রেপ্তার করার তথ্য জানিয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
ওই দম্পতি হলেন, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকেরছড়া (রেললাইন) গ্রামের মকবুল হোসেন মন্ডল ওরফে মন্ডল শেখ (৪৯) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)। তাদের বন্ধ মুদি দোকান থেকে জব্দ করা হয়েছে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ৮৬০ টাকা।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, বস্তি এলাকায় অনেকদিন ধরে চলছিল এই দম্পতির মাদকের কারবার। তারা মুদির দোকান চালাতেন। দোকান বন্ধ করে দিতেন নির্দিষ্ট সময়। দোকানের ঝাঁপে ক্রেতার নির্দিষ্ট সংখ্যক টোকা শুনলে জানালার ফুটো দিয়ে সরবরাহ করতেন ইয়াবা। প্রতিদিন সন্ধ্যায় ওই বন্ধ দোকানের আশপাশে জড়ো হতো স্থানীয় ও বহিরাগত তরুণ ও যুবকদের বিভিন্ন গ্রুপ। সন্দেহ থেকে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
বেশ কিছুদিন নজরদারির পর ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানে অভিযান চালায়। মাদকসহ গ্রেপ্তার করে স্বামী- স্ত্রীকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার কুড়িগ্রাম আদালতে পাঠানোর কথা রয়েছেন এই দম্পতিকে- জানালেন সার্কেল সহকারী পুলিশ সুপার মুনতাসির।




