ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ২
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

আহত ব্রাজিল সমর্থক মামুন হোসেন। ছবি: আগামীর সময়
ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। গতকাল মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে উপজেলার চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩)।
স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও মিশরের খেলা শেষে চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতিহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহত সামাউল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন হাসপাতালে ভর্তি রয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনের ভাষ্য, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





