আশুলিয়ায় কারখানায় হামলায় আহত শ্রমিকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সাভারের আশুলিয়ায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি জুতার কারখানায় বহিরাগতদের হামলায় গুরুতর আহত শ্রমিক মারা গেছেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ সোমবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ লিমিটেড কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩ নভেম্বর ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে আশুলিয়া অঞ্চলে পোশাকশ্রমিকরা আন্দোলন করছিলেন। ওই দিন ট্রেন্ট সুজ কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করার সময় একদল বহিরাগত সেখানে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধরে সেলিম গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ জানিয়েছেন, এ ঘটনায় মামলা হওয়ার পর এজাহারভুক্ত আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।




