মিষ্টির শিরায় মিলল তেলাপোকার বিষ্টা

চাঁদপুরে খাবারের প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিটের’ মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্টা— সংগৃহীত
চাঁদপুরে খাবারের প্রতিষ্ঠান ওয়ান মিনিটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্টা, খাদ্যদ্রব্যের সঙ্গে সিগারেট সংরক্ষণ এবং প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম ধরা পড়ে।
আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের প্রেস ক্লাব রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান।
এদিকে একই অভিযানে শহরের ওয়াপদা গেট এলাকার মেসার্স অয়ন এন্টারপ্রাইজে বিস্ফোরক অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছাড়াই প্রায় ১ হাজার ২০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্সে উল্লেখিত ঠিকানার বাইরে ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।







