চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতিমন্ত্রী

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল-কোরআন খতম, সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভা।
এদিকে, চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী প্রধান আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।





