স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে আইনি প্রক্রিয়া শেষে স্বপ্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, গুলবাগের ৩৩৪ নম্বর বাসার নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন রুবেল ও তার স্ত্রী স্বপ্না। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ওই বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে আগের ঘটনার জের ধরে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল তার স্ত্রীর গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই মো. ওবায়দুল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




