পদ্মা সেতুর টোল বুথ থেকে টাকা চুরির চেষ্টা, আটক ২ যুবক

আটক দুই যুবক, ছবি: আগামীর সময়
মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে মাওয়া টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা করেন। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সোহান (২৪) ও ইসমাইল (৩০)।
সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুরে টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করেন দুই যুবক। এ সময় তাদের একজন টোল বুথে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করেন। অপরজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সিসিটিভি ফুটেজেও চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হওয়ায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, টোল বুথে টাকা চুরির চেষ্টার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




