ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বিকালে কলেজ এলাকায় ঘটে এ ঘটনা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঘোষিত কলেজ ছাত্রদলের আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। একপর্যায়ে নবগঠিত কমিটির সমর্থকরা সেখানে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা রূপ নেয় সংঘর্ষে।
আন্দোলনরত নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে ত্যাগী ও যোগ্য কর্মীদের উপেক্ষা করে স্থান দেওয়া হয়েছে বিতর্কিতদের। নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তারা দাবি করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে গঠন করা হয়েছে এ কমিটি। যোগ্য ও দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন তারা।
এদিকে, নতুন কমিটির আহ্বায়ক আবু সাঈদ হাসান রিয়াদ বলেছেন, ‘পদ-পদবি নিয়ে ছোট ভাইদের মধ্যে কিছুটা মনোমালিন্য থাকতে পারে। তবে সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের আগ থেকেই বর্তমান কমিটির নেতাকর্মীরা কলেজের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব দেওয়া হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেছেন, সিটি কলেজ ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পরদিনই ওই কমিটিকে কেন্দ্র করে ঘটল সংঘর্ষ।






