বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে আনা প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক করা হয়েছে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ পণ্য।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে দেখা যায়, ট্রাকে থাকা বালুর ভেতরে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় ফুচকা লুকানো। বিজিবির দাবি, অত্যন্ত সুকৌশলে বালুর নিচে এসব পণ্য পরিবহন করছিল চোরাকারবারিরা।
জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক পণ্যগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




