সিলেটে অটোরিকশাচালক হত্যা: বাবা-ছেলেসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছবি: আগামীর সময়
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (চালক) হত্যার ঘটনায় বাবা ও তার চার ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল বুধবার নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তার চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)। মামলায় প্রধান আসামি করা হয়েছে মুজন আলীকে।
আজ বৃহস্পিবার (কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ভাইয়ের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। তিনি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।




