শাহ আমানত (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধার গভীর উদ্বেগজনক: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

সংগৃহীত ছবি
চট্টগ্রামের আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এমন একটি পবিত্র স্থানে ককটেল উদ্ধারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মন্তব্য করে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের বিস্ফোরক রাখার মাধ্যমে কারা কী উদ্দেশ্য হাসিল করতে চায়, তা খুঁজে বের করা জরুরি। এর আগেও দেশের বিভিন্ন দরবার শরীফ ও মাজারে হামলা, ভাঙচুর এবং উগ্রবাদী অপতৎপরতার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি।
তার ভাষ্য, এসব ঘটনার পেছনে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। কোনো উগ্রবাদী বা দুর্বৃত্তচক্রকে ধর্মীয় পরিচয়ের আড়ালে সহিংসতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাংলাদেশ সব ধর্ম, মত ও পথের মানুষের সহাবস্থানের দেশ উল্লেখ করে তিনি আরও তুলে ধরেন, এ দেশের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। ধর্মীয় পবিত্র স্থানে নাশকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারসহ দেশের সব গুরুত্বপূর্ণ দরবার শরীফ, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ধরনের স্পর্শকাতর ঘটনায় গুজব ও উসকানি এড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।



