মিয়ানমারে পাচার হচ্ছিল ১০ টন ইউরিয়া সার, গভীর সমুদ্রে আটক ৯
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সংগৃহীত ছবি
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সাগরপথে নেওয়া হচ্ছিল ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এসব সারসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।
গতকাল শনিবার রাত দুটার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ এ অভিযান চালায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’ কার্যক্রমের আওতায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করেন। বোটটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




