‘জামায়াত আমিরের বাসায় বৈঠক’, দুই সহকারী প্রিসাইডিং অফিসার বরখাস্ত

সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুরে ভোট কেন্দ্র থেকে বাইরে বের হওয়া এবং উপজেলা জামায়াত আমিরের বাসায় বৈঠকের অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বরখাস্ত হওয়া ওই দুই প্রিসাইডিং অফিসারের হচ্ছেন মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার।
স্থানীয়রা জানান, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন ওই দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসারের কাছে কোন কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। পরে তারা উপজেলা জামাতের আমীরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। ওই বাসা থেকে বের হওয়ার পর তাদের দুজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেন স্থানীয়রা। অভিযোগে পেয়েই ওই দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন ২ জনকে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন।
তবে গোপন বৈঠকের কথা অস্বীকার করে বরখাস্ত দুই সহকারী প্রিসাইডিং অফিসার দাবি করেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়া যাবেনা। তারা সেই নিয়ম ভঙ্গ করেছেন। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে জামাত আমীরের বাসায় বৈঠক করার অভিযোগ উঠেছে। এ কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।



