প্রবাসী শফি হত্যার দ্রুত বিচার চান স্বজনরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ছবি: আগামীর সময়
যুক্তরাজ্য প্রবাসী শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার স্বজনরা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আজ রবিবার সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট বোন শাহ আছমা জাহান।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ বুরহান উদ্দিন শফি। ৩০ জানুয়ারি সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বোন। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে শফির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পরিবারের দাবি, মামলার তদন্তে গত ২০ ফেব্রুয়ারি প্রধান আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি তাহিরুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর মামলার অন্যতম আসামি আব্দুল মুহিত মায়েদ গত ৩ নভেম্বর জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
শাহ আছমা জাহান বলেছেন, প্রায় সাড়ে চার বছর আগে তাদের বাবা মারা যাওয়ার পর বড় ভাই শফিই ছিলেন পরিবারের অভিভাবক। বাবার মতোই ভাই-বোনদের আগলে রাখতেন তিনি। তাকে হারিয়ে মা, ভাবি, সন্তানসহ পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো শাস্তিই ভাইকে ফিরিয়ে দিতে পারবে না, তবে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেছেন, একজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় প্রবাসীদের জীবন ও সংগ্রাম সম্পর্কে অবগত রয়েছেন বলে তাদের বিশ্বাস। পরিবারের প্রত্যাশা, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা ও তদারকি কামনা করেন তিনি।
এ ছাড়া সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমদের প্রতিও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিহতের মা জাহানারা বেগম বলেছেন, ‘আমার ছেলেকে আর পাব না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি, আমার ছেলে হত্যার ন্যায়বিচার চাই। হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’
এ সময় নিহতের বড় ভাই আনসার মিয়া, ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী শাহ সালাহ উদ্দিন মিছবাহ, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ পরিবারের সদস্য, স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশ ও অনুসন্ধান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।



