গাজীপুরে শ্রমিক বিক্ষোভে তিন মামলায় আসামি ৪ হাজার

সংগৃহীত ছবি
গাজীপুরে শ্রমিকদের ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গত তিনদিন ধরে অব্যাহত শ্রমিক আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এ তিন মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।
এ ব্যাপারে শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ‘এসব মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘বকেয়া মজুরির দাবিত আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন।’
‘এ সময় আন্দোলনকারীরা গাড়িতে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়,’ যোগ করেন তিনি।
এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে এবং পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়।
এর আগে, গতকাল রবিবার সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েকদিনের শ্রমিক আন্দোলনের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।




