নরসিংদীতে মোবাইল কোর্টে দালালদের সাজা, একজন মুচলেকায় মুক্ত

ছবিঃ আগামীর সময়
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে নারীসহ দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপর একজনকে বয়স বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) সাদিয়া চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পলাশ উপজেলার ধনেরচর গ্রামের মান্নান মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৯), রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার হারেজ বেপারীর মেয়ে পারুল বেগম (৪২) এবং সদর উপজেলার শফিক এলাহীর স্ত্রী তাহেরা বেগম (৩৫)। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাজা দেওয়া হয়।
এর আগে সোমবার (২৩ মার্চ) নরসিংদী সদর হাসপাতাল থেকে দালাল চক্রের আরও ১৩ সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরও সাজা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

