ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে বরিশালে ২২৬ জনের কারাদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে ৬০২টি অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিনের নিষেধাজ্ঞায় ২৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা মৎস্য কমকর্তা মোহাম্মদ হাদিউজ্জামান।
আজ শুক্রবার দুপুরে তিনি জানিয়েছেন, ২২ দিনের নিষেধাজ্ঞায় ১২৮টি অবতরণ কেন্দ্র, ৪৫০টি মাছ ঘাট, ৩২০টি আড়ৎ এবং ৬৬৭টি বাজার পরিদর্শন করা হয়েছে। ২২ দিনের অভিযানে ৩ দশমিক ২৮২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৫৮ দশমিক ২২৭ লক্ষ মিটার জাল।
মৎস্য কর্মকর্তা উল্লেখ করেন, যে জাল জব্দ করা হয়েছে তার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার টাকা। অভিযানে ৩ লক্ষ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
হাদিউজ্জামান বলেছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার না করতে নানা ভাবে প্রচারণা চালানো হয়েছে। এরপরও কিছু মৌসুমী জেলে ইলিশ শিকারে নেমেছিল। অভিযানে তারা আটক হয়েছে এবং কারাদণ্ডও দেওয়া হয়েছে।



