টুঙ্গিপাড়ায় সহিংসতা : এবার বিজিবির মামলায় আসামি ৫ হাজার

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৫ হাজার জনকে।
নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবির সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে মামলাটি।
গত সোমবার মামলাটি করেন বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন। তিনি বিজিবি সেক্টর সদর দপ্তর খুলনার সদস্য। গতকাল বৃহস্পতিবার বিজিবির মামলার তদন্তকারী কর্মকর্তা শুকুর আলী গণমাধ্যমকে বিষয়টি জানান।
বিজিবির মামলার বিবরণীতে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এসব ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতাবদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা করে সাধারণ ও গুরুতর জখম করা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামাল ক্ষতিসাধন করা হয়েছে।
এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
মামলাটি করা হয় গত রোববার। বাদী টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ। এ মামলার তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় খুনের উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়।
একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। এতে আরও উল্লেখ করা হয়, সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
মামলার ক্ষয়ক্ষতির বিবরণীতে বলা হয়েছে, থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়।
এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এসব মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।




