টুঙ্গিপাড়া থানায় হামলা ও লুটের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন এসআই কামরুল আহম্মেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় খুনের উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়।
একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে হামলাকারীরা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে তারা।
মামলার বিবরণীতে বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগজিন ও ১৫০ রাউন্ড গুলি লুট করা হয় সেদিন। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন এসআই মো. আরিফুল ইসলাম।




