খুলনায় বিএনপি নেতাকে পরপর ৩ গুলি

গুলিবিদ্ধ বিএনপি নেতা মাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
খুলনার তেরখাদায় বিএনপি নেতা মাফিজুর রহমানকে (৪৭) একে একে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। তিনটি গুলি তার বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে লাগে।
শনিবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকার ঘটনা এটি। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীদের ভাষ্য, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন গুলিবিদ্ধ মাফিজুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।
এদিকে গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। ২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এসব ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি ৪টির ৩টি রূপসা উপজেলায়, অন্যটি ডুমুরিয়ায়।




