খুলনায় বিএনপির ব্যানারে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়
খুলনায় পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে দুই যুবককে বিএনপি নেতাকর্মীরা আটক করেছে। আটক দুই যুবক হলেন কৌশিক ও ইয়াছিন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে নগরীর শিববাড়ী মোড়ে পুলিশ বক্সের পাশে বিএনপির একটি প্যানায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে প্যানায় আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
অপরদিক বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরায় সড়কের পাশে টেক্সটাইল মিলের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এর আগে ভোরে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় ওই দুই যুবক। পরে তারা আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের কাছে আটক হয়।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বুধবার সারা রাত আমাদের দলের নেতাকর্মীরা নাশকতাকারীদের বিরুদ্ধে বিভিন্নস্থান পাহারা দিয়েছে। ভোর রাতে আমি এবং জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হই। ওই সময় বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করা হয়।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, তারা দু’জন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




