পাশের ক্ষেতে কীটনাশক স্প্রেতেই অসুস্থ ১৬ শিক্ষার্থী

১৬ শিক্ষার্থীর অসুস্থের কারণ তদন্তে উপজেলা প্রশাসন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে গতকাল একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১৬ শিক্ষার্থী। এ ঘটনায় তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন।
একদিন পর তারা জানতে পারে বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনার তদন্তে বিদ্যালয়টি পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
গতকাল সোমবার দুপুরে হঠাৎ ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তখন তারা মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা অনুভব করে। পরে তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতে তারা বাড়ি ফিরে যায়।
মঙ্গলবার সুস্থ হয়ে সবাই আবার বিদ্যালয়ে এসে স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নেয়।
ইউএনও রাসেল ইকবাল বললেন, ‘সোমবার ওই জমিতে একজন কৃষক এসিমিক্স কীটনাশক স্প্রে করেন। মঙ্গলবার সকালে ওই কৃষক তার বাড়িতে থাকা কীটনাশকের বোতলটি তদন্ত দলের কাছে নিয়ে আসেন। বোতলের গায়ে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, এ ধরনের তরলের তীব্র ঘ্রাণ বা সংস্পর্শে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো প্রতিক্রিয়া হতে পারে।’
ইউএনও আরও বলেছেন, ‘বিদ্যালয় চলাকালে স্কুলের সীমানাসংলগ্ন জমিতে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না। বিদ্যালয়ের আশপাশে কীটনাশক ব্যবহার করলে ছুটির দিনে করতে হবে।’






