নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ডুবে প্রাণ গেছে এক মাদ্রাসাছাত্রের।
গতকাল শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পানিতে ডুবে মৃত্যুবরণ করা আব্দুর রহমান (১৩) বরিশালের কাশিপুর এলাকার মাছুম এবং আসমা দম্পতির ছেলে। তারা ঢাকায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে মেহেন্দিগঞ্জ দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। এরপর পরিবারকে না জানিয়ে পাশেই গজারিয়া নদীতে গোসল করতে নামে সে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
অবশেষে শনিবার সন্ধ্যার দিকে ডুবুরি দলের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এনামুল হোসেন বলেছেন, নিহত মাদ্রাসা শিক্ষার্থী পরিবারের সঙ্গে শনিবার সকালে নানা বাড়ি আসে। কাউকে কিছু না জানিয়েই নদীতে গোসল করতে যায় সে। পরিবার অনেক খোঁজাখুজির পর নদীর পাড়ে তার জুতো দেখতে পায়। সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যায় আব্দুর রহমান। পরে বরিশালে ফায়ার সার্ভিসকে ফোন করলে একটু ডুবুরি দল এসে সন্ধ্যায় তার মরদেহটি উদ্ধার করে।




