পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেল পুরাতন হ্যান্ড গ্রেনেড
কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকায় পুকুর খনন করতে গিয়ে পুরোনো একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। ভারতের সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্যেরখিল গ্রামের সংলগ্ন কান্দির পাড়া এলাকায় রফিকুল ইসলাম তার পুকুর খননের সময় অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, গ্রেনেডটি অনেক পুরোনো এবং এতে মরিচা পড়ে গেছে। বিষয়টি ঢাকায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের দল ঘটনাস্থলে পৌঁছালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




