বহিষ্কারের পরদিনই আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেলোয়ারের

ছবি: আগামীর সময়
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন দেলোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
দেলোয়ার হোসেন জানান, আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। এ সময় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার অনুসারী স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কারের পরদিনই সংবাদ সম্মেলন করে তার পদত্যাগের ঘোষণা দেন তিনি।




