ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ শুরু

ময়মনসিংহ সিটি করপোরেশনে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগের উদ্বোধন করছেন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন— সংগৃহীত
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নগর ভবনসংলগ্ন একটি ড্রেনে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা মাজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডা. এইচ কে দেবনাথ বলছিলেন, ‘একটি ট্যাবলেট ১০ লিটার পানির মধ্যে রাখলে সেখানে ২ থেকে ৩ মাস মশার জন্ম হবে না।’
‘এটি একটি নতুন পদ্ধতি। পদ্ধতিটি সফল হলে বড় পরিসরে এ কার্যক্রম হাতে নেওয়া হবে’— যোগ করেন তিনি।
তিনি জানান, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তবে নাগরিকদেরও সচেতন হতে হবে।’ তিনি বাসাবাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।





