নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানে না শিক্ষা অফিস

ছবি: আগামীর সময়
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বিরুদ্ধে মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি কর্তৃপক্ষকে না জানিয়েই সেখানে অবস্থান করছেন। প্রায় দুই মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষা অফিস জানায়, গত ১ জুলাই মো. নুর কামাল তালুকদারকে অর্ধগড় বেতনে বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ১৫ দিনের শর্তসাপেক্ষ ছুটি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের ওই অফিস আদেশে ছেলের সঙ্গে দেখা করতে তাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।
অফিস আদেশে বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার শর্ত ছিল। তবে অভিযোগ রয়েছে, বিদেশ যাওয়ার বিষয়টি উপজেলা শিক্ষা অফিস বা সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তাকে না জানিয়ে পরে তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন প্রধান শিক্ষক।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদেশ ভ্রমণের জন্য তার ১৫ দিনের ছুটির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়নি। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই এক মাসের মেডিকেল ছুটি মঞ্জুর করা হয়। এরপর থেকেই তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জানিয়েছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে তাদের। এতে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি ও ময়না আক্তার জানিয়েছেন, প্রধান শিক্ষক প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ে আসেন না। আমরা শুনেছি, তিনি মেডিকেল ছুটিতে আছেন। আবার শুনেছি, তিনি ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। তিনি না থাকায় বিদ্যালয়ের অনেক প্রশাসনিক কাজ করতে সমস্যা হচ্ছে। শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
তারা আরও জানিয়েছেন, প্রধান শিক্ষকের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না।
প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
খালিয়াজুড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান জানিয়েছেন, বিদেশ যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির বিষয়টি না জানিয়েই ওই প্রধান শিক্ষক তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের ছুটি মঞ্জুর করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি তার ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
তিনি আরও জানান, নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম জানিয়েছেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মেডিকেল ছুটি নিয়ে বিদেশে অবস্থান করে থাকলে তিনি বিধিমালা ভঙ্গ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বেতন-ভাতা বন্ধসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হবে।






