লাকসামে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

খবির আহমেদ। সংগৃহীত ছবি
কুমিল্লার লাকসামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত খবির উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।
বিষয়টি জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাজা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ জোহর লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
খবিরের স্ত্রী রেহানা আক্তার একই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।







