পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ. লীগ সভাপতি গ্রেপ্তার

আব্দুল ওহাব। সংগৃহীত ছবি
পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সংগঠনটির ১০-১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের ইন্দারা মোড় এলাকায় এ অভিযান চালিয়েছে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও পাবনা সদর থানার একটি যৌথ দল।
তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম।
তিনি জানান, ওহাব সুজানগরে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। বুধবার সকালে ১০ থেকে ১২ জন অনুসারী নিয়ে তিনি ইন্দারা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
ওসি তারিকুল জানিয়েছেন, ওহাব ছাড়া অন্যদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ওহাবের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। চলতি বছরের জুলাই মাসে ওহাব ও কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, সুজানগর থানার ওসি মোজাফফর হোসেনসহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে এবং বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছিল।




