যশোর কারাগারে আ. লীগ নেতা মিলনের মৃত্যুর গুজব, নাকচ কর্তৃপক্ষের

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন (৭৪) গুরুতর অসুস্থ। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লেও তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ বোধ করায় মিলনকে রবিবার দুপুর ২টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেন।
যশোর জেনারেল হাসপাতালের সিসিইউর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোশফেকুর রহমান জানিয়েছেন, মিলনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও তীব্র বুকে ব্যথাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর রবিবার রাতে কারারক্ষী তপনের তত্ত্বাবধানে তাকে আবার যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এর পরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ খবরে স্বজন ও গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহের জন্য যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে ভিড় করেন।
মৃত্যুর খবর নাকচ করে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানিয়েছেন, শহিদুল ইসলাম মিলন জীবিত আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়। ঢাকায় স্থানান্তরের ক্ষেত্রে কিছু কাগজপত্রসংক্রান্ত জটিলতা রয়েছে। সেগুলো সমাধান করে সোমবার সকালে তাকে ঢাকায় পাঠানো হবে।
এ বিষয়ে কারাগারের সহকারী সার্জন ডা. এস এম মাহাবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি প্রশাসনিক বলে তিনি এড়িয়ে যান।




