ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অভিযুক্ত পলাতক

সংগৃহীত ছবি
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল শিকদার পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল। তবে এর ম্যাগাজিন পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের সঙ্গে তার স্ত্রী শারমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন।
ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে সেখানে যান রেজাউল। অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোর করে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এতে ব্যর্থ হয়ে কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পরিস্থিতি সামাল দিতে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন। পরে সোমবার সকালে তিনি বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলি জব্দ করে। তবে পুলিশের আগমনের আগেই স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’




