জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান— সংগৃহীত
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনটি জুলাই শহীদ পরিবার এবং ২৩ জন আহত যোদ্ধার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন, তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই সিটি করপোরেশনের এ আয়োজন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই শহীদদের স্বজন এবং আহত যোদ্ধারাও।







